
সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা মানুষ খুন করলো, গুম করলো, মামলা মোকাদ্দমা দিয়ে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেল। তারা মানুষের কাছে মাপ চাবে, দুঃখ প্রকাশ করবে সেইটা না করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবার বলতেছে আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ২ হাজার ৪শ জন কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, তারা বাহিরের দেশে বসে উস্কানি দিচ্ছে,আর এতে আমাদের নিরীহ সরলমনা মানুষ বাস ট্রাকের মধ্যে আগুন লাগায় দিচ্ছে ঘুমন্ত অবস্থায় হেল্পার ড্রাইভার মারা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছে। তারা আবারও সেই পুরনো দিনের রাজনীতি ফিরে যাচ্ছে। এমপির বাড়িতে আগুন দেওয়া অথবা পুলিশ স্টেশনে আগুন দেওয়া এগুলা কোন ভালো মানুষের কাজ না। এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তবে কোন খারাপ কাজের উত্তর কিন্তু খারাপ দিয়ে দেওয়া যাবে না। খারাপ কাজের উত্তর আপনার ভালো আচরণ দিয়ে, আপনার উপস্থিতি দিয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।
এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি



