
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি।
প্রতারকদের বিচার, হারানো অর্থের কষ্ট থেকে মুক্তি এবং নিরাপদে বিদেশযাত্রার প্রার্থনা জানিয়ে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন ওই ব্যক্তি।
শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া বিভিন্ন সামগ্রীর মধ্যে চিঠিটি পাওয়া যায়।
দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি পাওয়া যায় মানুষের নানা আবেগ, আকুতি ও প্রার্থনাসংবলিত চিঠি। এর মধ্যে বিদেশগামীর লেখা চিঠিটি বিশেষভাবে নজর কেড়েছে।
চিঠিতে লেখক ইউরোপে যাওয়ার পথ সহজ ও নিরাপদ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসাসেবা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন। কোনো বিদেশগামী যেন দালালদের প্রতারণার শিকার না হন, সে প্রার্থনাও করেছেন তিনি।
এ ছাড়া প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিদের উপযুক্ত বিচার এবং তাদের হেদায়েত কামনা করেছেন চিঠির লেখক। তার মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়, সেই আকুতিও তুলে ধরেছেন তিনি।
চিঠিতে নিজের ব্যক্তিগত কষ্টের কথাও উল্লেখ করেছেন ওই বিদেশগামী। প্রতারণায় হারানো অর্থের শোক ও মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার পাশাপাশি ধৈর্য, মানসিক প্রশান্তি এবং হালাল রিজিকের জন্য দোয়া চেয়েছেন তিনি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদটিতে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে।
মসজিদের দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি অনেকেই নিজেদের মনের আশা, আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট ও ব্যক্তিগত নানা অনুভূতির কথা লিখে চিঠি জমা দেন। এসব চিঠিতে উঠে আসে মানুষের স্বপ্ন, হতাশা, অসহায়ত্ব ও জীবনের নানা না বলা গল্প। দালালের প্রতারণার শিকার এই বিদেশগামীর চিঠিও তার ব্যতিক্রম নয়।
আরটিভি/এসকে


