ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
ছবি : আরটিভি

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে ও গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। বাসটি ভূঁইয়া পরিবহনের। এটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত বলে জানা‌ গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা। শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, কীভাবে আগুন লেগেছে, আমরা এসে তা দেখতে পাইনি। তবে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল, পল্লী বিদ্যুতের খাম্বায় আগুন লেগেছে। পরে আমরা এসে দেখি বাসে আগুন লেগেছে। এরপর এলাকাবাসী সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কী কারণে আগুন লেগেছে, সেটা আমরা বলতে পারছি না।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পাই, গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং আমাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসের মালিকের বাড়ি এখানেই। এখানে এসে দেখতে পেলাম বাসে আগুন জ্বলছে। এখন কে বা কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল এখানে আসে এবং আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ধারণা করা হচ্ছে, চলমান যে পরিস্থিতি, দুষ্কৃতকারীরা জনমনে ভীতি সঞ্চার করতেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলা রুজু হবে।

তিনি আরও বলেন, সারা জেলাব্যাপী আমাদের পেট্রোলিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চেকপোস্ট কার্যক্রমও জোরদার করা হয়েছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করছি, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধ করতে সর্বোচ্চ সচেষ্ট থাকব।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে। তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরটিভি/এসআর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন। শিল্প পুলিশ জানিয়েছে, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে তা অনেকাংশে নির্ভর করবে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো আজও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরটিভি/এসআর
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!
বিয়ের আগের দিন মোটরসাইকেল কেনার জন্য বরপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা। কথা ছিল, পরদিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসবেন বর। সে অনুযায়ী বিয়ের সব আয়োজনও সম্পন্ন। লাল বেনারসি আর গয়নায় বধূবেশে অপেক্ষায় ছিলেন কনে।  কিন্তু নির্ধারিত সময়ে বর না আসায় মুহূর্তেই আনন্দের আয়োজন রূপ নেয় বিষাদে। পরে বরপক্ষ থেকে আরও দেড় লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ কনেপক্ষের। শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খয়রুন বেগম (৩৫)। তিনি ওই গ্রামের মন্তু মিয়ার মেয়ে। অভিযুক্ত বর আবাছ আলী (৪০) একই ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে। থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানে প্রবাসে থাকার সময় আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট তিন লাখ টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে আবাছ দেশে ফিরলে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়। কনেপক্ষের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষের পক্ষ থেকে একটি মোটরসাইকেল দাবি করা হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের দিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর কিংবা বরপক্ষের কেউ কনের বাড়িতে আসেননি।  পরে যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেয়া হয়। এদিকে বিয়ের আয়োজন, প্যান্ডেল, রান্নাবান্না ও অতিথি আপ্যায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি কনেপক্ষের। বিয়ের আসরে বর না আসায় সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি। খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, বিয়ের দিন তার বোনকে বধূ সাজানো হয়েছিল। আত্মীয়স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠানে এসে খাবারও খেয়েছেন। কিন্তু বাড়তি যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এ ঘটনায় তারা সামাজিকভাবে চরম বিব্রত হয়েছেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বরের ভাই ইয়াসিন মিয়া। তার দাবি, তারা কোনো যৌতুক নেননি। বরং প্রবাসে থাকাকালীন তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেয়া হয়েছে। তারা দুজন একসঙ্গে প্রবাসে ছিলেন। কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে তাকে আগে কেউ কিছু জানাননি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। অসুস্থতার কারণে ঘটনাস্থলে যেতে না পারলেও প্রায় এক সপ্তাহ আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাকে জানিয়েছিল। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তবে সামাজিকভাবে সমাধান না হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আরটিভি/এসআর
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!