
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে।
তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এসআর




