
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার (২২নভেম্বর) পুলিশ জানায়, শনিবার সকাল থেকে নরসিংহপুর, কাঠগড়া, জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। অনেক কারখানায় হাজিরা দিয়ে কাজে যোগ না দিয়ে বেরিয়ে এসে সড়কে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা।
কাঠগড়া এলাকায় ম্যাগপাই ও আগামী অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরিস্থিতি বিবেচনায় শনিবার ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আজ রোববার বন্ধ রয়েছে ২১টি কারখানা। এছাড়াও বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ দিন সকাল থেকে ঢাকা ইপিজেড এর নতুন ও পুরাতন জন, বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও কাঠগড়া এলাকার চালু কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন। তবে বেশ কিছু কারখানার সামনে ঝুলছে ছুটির নোটিশ।
শিল্প পুলিশ বলছে, মজুরি বোর্ডের সভা আগামীকাল। বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো শিল্পাঞ্চল। দ্রুত মজুরি ঘোষণা হলেই স্বাভাবিক হবে পরিস্থিতি, এমনটাই আশা সংশ্লিষ্টদের।
আরটিভি/এমএম



