
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য।
তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা-সমালোচনা চলছে।
মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেন এর ছেলে এবং বাংলাদেশ পুলিশে চাকরি করে আসছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।
স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, আমার এলাকার পুলিশ সদস্য মামুন নামে এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।
আরটিভি/এমএইচজে




