
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে খবর আসার পর বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।
স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলটিতে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা রয়েছেন। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা ঘুরে দেখার কথা ছিল।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব স্থলবন্দর ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করতে পারেন বলে আলোচনা রয়েছে, আগরতলা-আখাউড়া স্থলবন্দর তার মধ্যে অন্যতম।
এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দরে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে এদিন বিকেল ৪টায় স্থানীয় মানুষ আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান করার প্রস্তুতি নেয়। পরে বিপুল সংখ্যক মানুষ স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।
এ সময় পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, অবৈধভাবে কেউ যাতে প্রবেশ করে নাশকতা না করতে পারে সেজন্য তাদের এই উপস্থিতি।
এমন পরিস্থিতিতে আখাউড়া সীমান্তে বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে অবস্থান নেন। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত আওয়ামী লীগের প্রতিনিধি দলের আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত এলাকায় আসার খবর পাওয়া যায়নি।
আরটিভি/এসএস


