
কুমিল্লার মেঘনায় যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া এবং গ্রেপ্তার হওয়া কৃষক লীগের আরেক নেতাকে সহযোগিতা করার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়াকে বহিষ্কার করা হয়েছে।
দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মো. মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে’ কুমিল্লা উত্তর জেলা যুবদলের আওতাধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়াকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
এর আগে মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেনের কাছ থেকে মানিকারচর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. জসীম সরকারকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠে আতাউর রহমান ভূইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় এসআই আকতার হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
তবে বহিষ্কারের বিষয়ে আতাউর রহমান ভূইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/ এসকেডি


