
বাংলাদেশে ফ্যাসিস্টদের আর কখনো সুযোগ দিতে চান না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, জ্বালাও-পোড়াও আর নয়। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে জ্বালানি সংকট নিরসনে স্থানীয় নেতাকর্মীদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সাধারণ খামারি ও জনগণকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করতে দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা আবুল কালাম এমপি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর


