
কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় শনিবার (২৮ নভেম্বর) নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
শুক্রবার (২৭ নভেম্বর) পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, উলিপুর উপকেন্দ্র-১-এর ১ নম্বর ফিডারের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
উলিপুরে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো মধ্যবাজার থেকে হাসপাতাল সড়ক, আজমের মোড়, খাওনার দরগা, মধ্যপাড়া, বলদিপাড়া ও ডারার পাড় এলাকা।
উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
এদিকে, রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু করে দেওয়া হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুই উপজেলার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।
আরটিভি/এসকে




