
মেহেরপুরের একটি ফুটবল মাঠে চলছে হাইভোল্টেজ ম্যাচ, দর্শক থেকে নিরাপত্তাকর্মী সবার চোখ বল দিকে। আর এই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করেছেন কয়েকজন মোটরসাইকেল ছিনতাইকারী। সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, দুটি সুজুকি বাইক চুরি করে নিয়ে যাচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, এদিন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা চলছিল। যেখানে অংশ নিয়েছিল উপজেলার ইসলামপুর ও ভবানীপুর গ্রাম। আর এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সবাই যখন খেলার দেখায় ব্যস্ত সেই সুযোগে দুটি মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যান ৩ যুবক।
চুরি হওয়া মোটরসাইকেল দুটির একটির মালিক মো. সুজন। তিনি মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের। অপর মোটরসাইকেলটির মালিক বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রূপচাঁদ।
ঘটনার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন থেকেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
এদিকে টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মালিকদের কাছে গাড়ি রাখার টোকেন থাকায় গাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাহলে সমপরিমান অর্থ দেওয়ার কথাও জানানো হয়েছে।
আরটিভি/এসআর


