
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা আবদুর রহমান হাজারী। নিজের অর্থায়নে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে ওই দম্পত্তির জন্য নির্মাণ করে দিয়েছেন একটি নতুন ঘর।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ঘরটি উদ্বোধন করে বৃদ্ধা বিবি কুলছুমের হাতে নতুন আশ্রয়ের চাবি তুলে দেয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও অনিরাপদ ঘরে বসবাস করছিলেন ওই বৃদ্ধ দম্পতি। বয়সের ভার, আর আর্থিক অসচ্ছলতা সব মিলিয়ে জীবনের প্রতিটি দিনই ছিল তাদের কাছে সংগ্রামের। মাথা গোঁজার নিরাপদ আশ্রয়টুকু না থাকায় ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগ পোহাতে হতো তাদেরকে। এমন অসহায় অবস্থার কথা জানতে পেরে বৃদ্ধার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এওয়াজপুর ইউনিয়নের যুবদল নেতা আবদুর রহমান হাজারী। তার উদ্যোগে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন একটি ঘর।
নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে তাদের জীবনে। দীর্ঘদিনের অনিশ্চয়তা আর দুর্ভোগের অবসান ঘটিয়ে নিরাপদে বসবাসের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোয় আবদুর রহমান হাজারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
স্থানীয়রা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবদল নেতা আবদুর রহমান হাজারী। বিশেষ করে এই বৃদ্ধ দম্পতির নিরাপদ আবাসনের ব্যবস্থা করে দেওয়ায় জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
যুবদল নেতা আব্দুর রহমান হাজারী বলেন, জাতীয় নির্বাচনের সময় এই ওয়ার্ডে নির্বাচনী ওয়ার্কে আসছিলাম। তখন দেখলাম একটি জরাজীর্ণ ঘরে তারা বসবাস করছেন। তখন প্রতিশ্রুতি দিয়েছি এই মায়ের ঘরটি করে দিব। আমি নিজের অর্থায়নে পনেরো দিনের মধ্যে ঘরটি করে দিয়েছি। এছাড়াও এওয়াজপুর ইউনিয়নে আমি বিভিন্ন মানবিক কাজে নিয়োজিত আছি।
আরটিভি/ এসকেডি


