
সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমির হামজা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
অভিযোগ রয়েছে, আমির হামজা নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক নারীকে বিয়ে করেছেন। এ ছাড়া বিয়ের প্রলোভন ও নানা কৌশলে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নেবাখালী গ্রামের এক তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে তার সঙ্গে দেখা করতে যান আমির হামজা। এ সময় তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি খতিয়ে দেখা হয়।
পরে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতায় স্থানীয়রা তাকে আটক করেন। এরপর তাকে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
আরটিভি/এসকে




