
মাদারীপুরের কালকিনি উপজেলা সদরের থানার মোড় ও পৌর মাছ বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটে। পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, পতিত শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা একটি মিছিল বের করেন।
একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুই শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে বাড়ি চলে যান।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুরের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে উপজেলা এলাকা থেকে বের করে দেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো দ্বন্দ্ব চাই না। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে।
কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে সংঘর্ষের পর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আরটিভি/জেএমএ



