
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ও জাতীয় পার্টির সঙ্গে সুসম্পর্ক রাখার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের ছেলে আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মহানগর বিএনপি। নোটিশে তার বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠজনদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে এ নোটিশ দেওয়া হয়। তবে শনিবার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কাউসার আশা। ইতোমধ্যে তিনি নোটিশের লিখিত জবাব দিয়েছেন বলেও জানিয়েছেন।
আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার বাবা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। বর্তমানে আশা সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের পাশাপাশি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
শোকজ নোটিশে অভিযোগ করা হয়, দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা বিবেচনা না করে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পদধারী নেতা এবং শামীম ওসমান পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ব্যক্তিস্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করছেন আশা। পাশাপাশি নিজের মিছিল-মিটিংয়ে তাদের গুরুত্ব দিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করছেন।
নোটিশে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ কয়েকজনের সঙ্গে আশার বিভিন্ন ছবির কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের ফলে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় দলের নেতাকর্মীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।
এদিকে, শোকজের জবাবে আবুল কাউসার আশা দাবি করেন, আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। অন্যদিকে হাবিবুর রহমান বিএনপির একজন কর্মী এবং বর্তমানে বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
আইয়ুব মেম্বারের বিষয়ে আশা জানান, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
আশা আরও বলেন, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তাদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারণে আমি তাদের চক্ষুশূলে পরিণত হয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক।
আরটিভি/এমএ


