
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত কার্যালয়টিতে তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপ-কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে।
তিনি বলেন, নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, বাকি দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এই ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলার সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে প্রশাসন।
ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এরপর তিনি পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রও ঘুরে দেখেন।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী তার সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ আরও কিছু স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাক্সিক্ষত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কিংবা জনমনে আতংক সৃষ্টির জন্য কেউ কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে এসব স্থাপনা সুরক্ষায় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও ইবনুল আবেদীন বলেন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি বলেন, সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয়। তাই কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে।
আরটিভি/এসএস




