
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ৬ দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে আদালতপাড়া ও ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে এলাকাটি খুব কর্মচঞ্চল ছিল। হঠাৎ ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তে পুলিশ মাঠে নেমেছে। দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না।’
এর আগে ২৩ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে বলে অভিযোগ ওঠে। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো স্কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বস্তুটি উদ্ধার করে পুলিশ।
আরটিভি/ এসকেডি


