
নাটোরের বাগাড়িপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শাফি আহম্মেদ (৬)। সে তালতলার বিলপাড়া গ্রামের চান মিয়ার ছেলে এবং তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলিমা রানী সূত্রধর জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরের কাছে খেলা করছিল শাফি। এ সময় তাকে অসংখ্য ভিমরুলে কামড় দেয়। সে সময় ভিমরুলের কামড় থেকে বাঁচতে সে পুকুরে লাফিয়ে পড়ে। পরে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখান থেকে রাতে শিশুটিকে বাড়ি আনা হলে রাতে তার মৃত্যু হয়।
দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
জেবি




