
বেশ কয়েকদিন ধরে উত্তর উড়িষ্যা ও গাঙ্গেও পশ্চিম বঙ্গ উপকূলে অবস্থান করছিল লঘুচাপ। বর্তমানে সেটি ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটির নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা নেই। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে।
গতকাল শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়াবিদরা জানান, রোববার ও সোমবার বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ শনিবারের (৭ সেপ্টেম্বর) থেকে বাড়তে পারে। এক-দুদিন বৃষ্টির পরিমাণ বাড়ার পর তা কমে আসতে পারে। বৃষ্টি কম অবস্থায় পরবর্তী পাঁচদিন বিরাজ করতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পরবর্তী পাঁচদিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়।
অন্যদিকে কয়েক দিন ধরে চলা চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রাম পরিবহন মালিকদের একাংশের ধর্মঘট চলছে
---------------------------------------------------------------------
এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
রোববার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।
৮ সেপ্টেম্বর সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকাল সাতটা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে।
জিএ/এসএস




