
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকায় এই ঘটনা ঘটে। এতে গোডাউন ও মজুত রাখা গোডাউন পুড়ে গেছে। শ্রমিকরা জানিয়েছেন গোডাউনে থাকা মেশিন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
শ্রমিক হালিমা খাতুন জানান, সকালে কাজের সময় গোডাউনের পাশের একটি কক্ষে চলমান মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের তিনটি টিনসেড গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই এলাকার আব্দুর রশিদ জানান, প্রায় দেড় বছর আগে গ্রামের ভেতরে তোলার গোডাউন নির্মাণ করে মাহমুদ আলীর ছেলে মহিদুর রহমান। সেখানে প্রায় ২৫-৩০ জন শ্রমিক তুলা বাছাইয়ের কাজ করেন। সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় গ্রামবাসী।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি।
জেবি




