
রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী জুট মিলের শ্রমিক-কর্মচারীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জুট মিলের ভেতর থেকে শ্রমিক-কর্মচারীরা মিছিল নিয়ে নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকার মিল গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে।
এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য এ বিক্ষোভ করে।
শ্রমিক নেতারা জানায়, রাষ্ট্রায়ত্ত সকল পাটকল সভার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেছে। এতে রাজশাহী জুট মিলে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে শ্রমিক সমাবেশে এ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, শ্রমিকরা জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য এ বিক্ষোভ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম ও মাসুদ রানা।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা মিছিল করে মিল গেটে সভা করছে।
জেবি




