
মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে গতকাল রোববার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা।
সোমবার তাদের আন্দোলন গড়ালো দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে পাটকল শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
তিনি বলেন, পাটকল শ্রমিকদের বেতন-ভাতা ও তাদের সুযোগ সুবিধা সরকারের স্বীকৃত চুক্তি। কিন্তু চুক্তি বাস্তবায়ন করে না। এটা অবসান করতে হবে। আগামী সাত ডিসেম্বর পার্লামেন্ট শুরু হবে। পাটকল শ্রমিকদের এই ন্যায়সঙ্গত দাবি আমরা তুলবো।
গতকাল রোববার রাতভর মিলের মূল ফটকে অবস্থানের পর সোমবার সকাল থেকে তারা নানান দাবি নিয়ে আবারও বিক্ষোভ প্রদর্শন করছেন।
রাজশাহী জুট মিলস সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, দুই দফা বৈঠকে দাবি না মানায় আবারও আমরণ অনশন শুরু করেছি এবং যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে তারা আবারও রাজশাহী পাটকলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে।
এদিকে, গেল ১৪ ডিসেম্বর শ্রমিকরা অনশন স্থগিত করে কাজে যোগ দিয়েছিল।
জেবি




