
নেত্রকোনার কলমাকান্দায় লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার চণ্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) ও কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লুকমান ভূঁইয়ার ছেলে কাইয়ুম (৫৫)।
আহতরা হলেন, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আমজাদ মিয়ার ছেলে মতি মিয়া (৫২), একই ইউনিয়নের নিলাখালী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কামাল উদ্দিন (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর বাজার থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে কলমাকান্দা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি লরি ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিন ও কাইয়ুম নামে দুজন মারা যান। আর এ সময় মতি মিয়া ও কামাল উদ্দিন নামে দুই যাত্রীও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ওইদিন বেলা ১১টার দিকে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর লড়িটি ঘটনাস্থলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, লরিটিকে আটক করলেও চালক পালিয়েছে। তিনি আরও বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে থানায় মামলা রজু করা হবে।
জেবি




