
নিখোঁজের এক দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের পূর্ব মন্দভাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রীর নাম জান্নাত (১০)। সে ওই এলাকার রফিক মিয়ার মেয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় জান্নাত। পরে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পায়নি। পরে আজ সোমবার দুপুরে নিহতের মা পুতুল আক্তার বাড়ির পাশের একটি জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আরটিভি অনলাইনকে জানান, ঘটনাটির তদন্ত চলছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
জেবি




