
নওগাঁর মান্দা উপজেলার সতীহাট বাসস্টান্ড সংলগ্ন পাটাকাটা খাল পারের প্রায় ১০০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড।
আজ সোমবার সকাল ১০টার দিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী খাল পারের প্রথম দিনের অভিযানে ওই অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সুধাংশু সরকার জানান, দীর্ঘ দিন ধরে পাটাকাটা খাল পারের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভের স্থানগুলোতে স্থাপনা করে ব্যবসা করে আসছিল দখলদাররা। গেল ২৫ নভেম্বর তাদের নোটিশের মাধ্যমে স্থাপনাগুলো সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়। তারপর মাইকিং এর মাধ্যমে সকলকে স্থাপনা সরিয়ে নিয়ে যেতে বলা হয়। নদী গর্ভের জমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।
উচ্ছেদ অভিযানে অংশ নেয়া সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মান্দা হাবিবুল হাসান জানান, নওগাঁ জেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ এরই মধ্যে শুরু করেছে সরকার। প্রথম দিনের অভিযানে প্রায় ১০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং আগামী দিনে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা জানান, তারা বিভিন্ন জনের কাছে থেকে টাকার বিনিময়ে জায়গাগুলো কিনে সেখানে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিলো।
উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয়।
এসএস




