
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও একটি প্যাকেজিং কারখানার অংশ বিশেষ গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ওই উচ্ছেদ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম গোলাম মোর্শেদ খান।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবির, মো. মোস্তাফিজুর রহমান, কার্য সহকারী সুদর্শন দাস, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, ৬৪ জেলায় নদ-নদী, খাল, ছড়াসহ অন্যান্য সরকারি জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার টঙ্গী বাজার (নদীবন্দর) এলাকায় তুরাগ পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম গোলাম মোর্শেদ খান জানান, টঙ্গীর পাগাড় এলাকায় তুরাগ নদের তীরে অবৈধভাবে দি মার্চেন্টস্ লিমিটেড নামে একটি প্যাকেজিং কারখানা নির্মাণ করে। গেল এপ্রিল মাসে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে তারা পুনরায় তুরাগ নদের সীমানায় কারখানার শেড নির্মাণ ও কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে রাখে। পরে সোমবার দুপুরে ওই শেড ও কাঁটাতারের বেড়া উচ্ছেদ করে কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে গতকাল সোমবার থেকে এ ধরনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
জেবি/পি




