
ঝালকাঠির পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাসপোর্ট গ্রহীতাদের নিকট থেকে ঘুষ হিসেবে নেয়া দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেবব্রত মণ্ডল।
তিনি জানান, ঝালকাঠি পাসপোর্ট অফিসে দালালে ঠাঁসা থাকে। নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা ও দালাল ছাড়া এখানে কোনও পাসপোর্ট ইস্যু করা হয় না। অনেক সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও পাসপোর্ট প্রতি অতিরিক্ত ১৫০০ টাকা করে নিয়ে পাসপোর্ট প্রদান করেন।
এমন অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তল্লাশী চালায়। এ সময় একটি লকারের ভেতর থেকে পাসপোর্ট গ্রহীতার নিকট থেকে ঘুষ নেওয়া দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এজে




