
জটিল রোগে আক্রান্ত ১০ মাসের শিশু আবু ফরহাদ। তাকে বাঁচাতে সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা-মা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুদিরপাড়া গ্রামের ইদ্রিস আলী ও রিমা আক্তারের শিশুপুত্র ফরহাদ জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত।
চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখান। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে নিরূপায় হয়ে শিশু সন্তান ফরহাদকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার পিত্তথলির ভেতরে রসনালী ব্লক হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে জরুরি অপারেশন করাতে হবে।
বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে ১৬ লাখ টাকা ব্যয় করে অপারেশন করা হয়। অপারেশনের পর বাড়ি এলে ফরহাদ আরও অসুস্থ হয়ে পড়ে। সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েন অসহায় এ পরিবার। নিজের সামান্য জমি বিক্রির টাকা ও অন্যের কাছ থেকে ধার-দেনা করে ছেলেকে নিয়ে ভারতের সিএমসি মেডিকেল কলেজ হাসপাতাল চলে যান।
সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন শিশুটির ভুল অপারেশন হয়েছে এবং শরীরে জন্ডিস রয়েছে। তাকে এখন বাঁচাতে হলে দ্রুত লিভার প্রতিস্থাপন করতে হবে। এতে ব্যয় হবে প্রায় ২০ লাখ টাকা। টাকার কথা শুনে হতভম্ব হয়ে পড়েন তারা। বিপুল অঙ্কের টাকা যোগাড় করতে না পেরে শিশুপুত্রকে নিয়ে আবার দেশে ফিরে আসেন।
বর্তমানে ১০ মাসের এ শিশুপুত্রকে বাঁচাতে সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা-মা। তারা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ দেশ-বিদেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- ইদ্রিস আলী, সঞ্চয়ী হিসাব নং-০২-০০০০-৮৮-২০৫৮৩, অগ্রণী ব্যাংক, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। মোবাইল-০১৭১৬-৬২৮৬৭৪।
জেবি




