
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা শিমুলিয়াগামী 'ফরিদপুর' ও 'পরান' নামের দুটি ফেরি প্রায় ছোট-বড় ২৫ টি গাড়িসহ শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় নোঙ্গর করে রাখে। কনকনে শীতে আটকে পড়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সকাল সাড়ে আটটার দিকে আটকে পড়া ফেরি দুটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক গাড়ি।
প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে কয়েকদিন যাবত শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ছে। ফলে এ রুটে চলাচলের যাত্রীদের দেখা দিয়েছে চরম ভোগান্তি।
জেবি




