
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম মোরশেদা আক্তার (১৯)। তিনি নরসিংদীর কান্দাইল ইউনিয়নের ছোট বোনাইদ এলাকার শওকত আলীর মেয়ে এবং স্থানীয় পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মোরশেদা আক্তার কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে একই এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বেড়াতে আসেন। অটোরিকশাটি এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোরশেদা। গুরুতর আহত হন প্রেমিক আনোয়ার হোসেন ও সিএনজিচালক হাসান মিয়া। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেবি/পি




