
ফরিদপুরের চরভদ্রাসনে বলাৎকারের শিকার এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ছাত্রের নাম আব্দুর রহিম (৮)। সে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামের আব্দুল সোবহানের ছেলে এবং চরভদ্রাসন উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গি মাদরাসার মক্তব (তৃতীয়) শ্রেণির ছাত্র।
ওই মাদরাসার শিক্ষক মো. আব্দুল্লাহ আরটিভি অনলাইনকে জানান, আজ ফজরের নামাজের ওজুর সময় রহিম বমি করছিল। কয়েক দফা বমি করলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটিকে বলৎকার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ আরটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ময়নাতদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি




