
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলে আবারও অনশন কর্মসূচি পালিত হচ্ছে।
খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী।
মিলের উৎপাদন বন্ধ রেখে খালিশপুর বিআইডিসি রোড, আটরা ও রাজঘাট এলাকার খুলনা-যশোর মহাসড়কে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো এ অনশন কর্মসূচি পালন করছে।
১১ দফা দাবিতে গেল ১০ ডিসেম্বর থেকে এ অনশন কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।
অনশন কর্মসূচির চতুর্থ দিন রাত ১২টায় শ্রম প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতিতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনশন স্থগিত ঘোষণা করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে ১৫ ডিসেম্বর বিজেএমসিতে ও ২৬ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবির ব্যাপারে কোনও সমাধান না হওয়ায় আবারও অনশন কর্মসূচির ডাক দেয় সংগ্রাম পরিষদের নেতারা।
সেই কর্মসূচি অনুযায়ী আজ সোমবার দুপুর ১২টায় ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার , আলীম ও ইস্টার্ন মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে মিলের উৎপাদন বন্ধ করে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে খালিশপুর বিআইডিসি রোড, আটরা আলীম ও জেজেআই জুট মিল গেটে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করে।
খালিশপুর বিআইডিসি রোডে, আটরা ও রাজঘাট খুলনা-যশোর মহাসড়কে কর্মসূচি চলাকালে দফায় দফায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আ. হামিদ সরদার, যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন, মো. সোহরাব হোসেন, সাহানা শারমিন, মো. হুমায়ুন কবীর , শেখ মো. ইব্রাহিম ও আবু দাউদ দ্বীন মোহাম্মদ সমাবেশ বক্তব্য রাখেন।
জেবি




