
মানিকগঞ্জের শিবালয়ে শীলপাড়া সার্বজনীন মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার এ ঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুর রহিম খান, শিবালয় ইউপি চেয়ারম্যান আলাল হোসেনসহ ৮ জন এবং অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ভাঙ্গা মন্দিরের টিন, খুটি বোঝাই একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে।
মন্দিরের সভাপতি সূর্য শীল আরটিভি অনলাইনকে জানান, আওয়ামী লীগ নেতা রহিম খান দীর্ঘদিন ধরে ওই মন্দিরের জায়গা দখলের চেষ্টা করে আসছিলেন।
সোমবার ভোরের দিকে রহিম খান ও তার ভাগিনা ইউপি চেয়ারম্যান আলালের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্দিরে হামলা চালান।
এ সময় তারা মন্দিরের মূর্তি ভেঙ্গে নদীতে ফেলে দেন।
পরে মন্দির ভেঙ্গে সমস্ত মালামাল পিকআপে করে নিয়ে চলে যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান আরটিভি অনলাইনকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসজে




