
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ ভারতের এক নাগরিককে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আটক যাত্রীর নাম মো. সালেকীন শেখ। তার গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি এলাকায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার দুপুরে তাকে বিমানবন্দরের ট্রানজিট এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৯৬ হাজার ইউরো, প্রায় ৪২ হাজার ফ্রাঙ্ক, ২৪০ মার্কিন ডলার, ২ হাজার ৪০ থাই বাথ, ১০ লাখ পাঁচ হাজার ইয়েন, ১২ হাজার ৮৫০ ভারতীয় রুপি ও ৭ হাজার ৫৩৫ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। যা বাংলাদেশের মুদ্রায় দাঁড়ায় ২ কোটি ২৮ লাখ ৬ হাজার ২৭ টাকা।
মইনুল খান বলেন, রোববার রাতে সালেকীন কলকাতা থেকে ঢাকায় আসেন। তখন শুল্ক গোয়েন্দারা দেখেন, তার পাসপোর্টে ২০১৭ সালে কলকাতা-ঢাকা-ব্যাংকক রুটে ৩৬ বার ভ্রমণের উল্লেখ রয়েছে। তথ্যটি জানার পর সালেকীনকে নজরে রাখা হচ্ছিল। এরপর রাতে তিনি আশকোনা হাজি ক্যাম্পে ছিলেন। সোমবার সকালে তিনি বিমানের আরেকটি ফ্লাইটে করে ব্যাংকক যাচ্ছিলেন সালেকীন।
তিনি আরো বলেন, ঢাকা ছেড়ে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। এসময় সালেকীনের জুতার ভেতর, শরীরের বিভিন্ন অংশ ও হ্যান্ডব্যাগ থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তিনি এসব মুদ্রা চোরাচালানের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মইনুল খান।
এমসি/পি




