
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ গার্মেন্টসকর্মী আহত হয়েছেন। আহতেদের বেশিরভাগই নারী। সকালে সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি রাজধানীর রায়েরবাগ থেকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজীতে কারখানায় যাচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুর সাত্তার আরটিভি অনলাইনকে বলেন, রাজধানীর রায়েরবাগ থেকে বাসটি নারী পোশাকশ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায় যাচ্ছিল। শিমরাইল মোড়ে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি উল্টে রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বাকি কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমসি/এমকে




