বিশ্ববাজারে বেড়েছে সোনা ও রুপার দাম

আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৮:৩৫ এএম


বিশ্ববাজারে বেড়েছে সোনা ও রুপার দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। দুর্বল মার্কিন ডলার, মুদ্রাস্ফীতি কমার আশঙ্কা এবং তেলের দাম হ্রাসের প্রভাবে মঙ্গলবার (১০ মার্চ) সোনার বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হতে পারে এমন ইঙ্গিতও বাজারে প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩১ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। এদিকে যুক্তরাষ্ট্রে এপ্রিল ডেলিভারির জন্য সোনার ফিউচারের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪২ দশমিক ১০ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, ডলার সূচক কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠেছে। এতে সোনার চাহিদা বেড়ে দাম বাড়তে সহায়তা করছে।

বিজ্ঞাপন

এদিকে তেলের দামও হঠাৎ কমে গেছে, যা এর আগে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ শিগগির শেষ হতে পারে বলে মন্তব্য করায় তেলের সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদি উদ্বেগ কিছুটা কমেছে।

টিডি সিকিউরিটিজের গ্লোবাল কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, তেলের দাম ১০০ ডলারের ওপরে থেকে কমলেও তা এখনও মুদ্রাস্ফীতিকে সহায়তা করছে। তবে এটি এত বেশি নয় যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সক্ষমতা সীমিত করবে। এতে বিনিয়োগকারীরা আবার মূল্যবান ধাতুর বাজারে আগ্রহী হচ্ছেন।

বিজ্ঞাপন

সাধারণত সোনা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বাড়লে এর আকর্ষণ কমে যায়, কারণ সোনা থেকে সরাসরি কোনও আয় পাওয়া যায় না।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের আসন্ন কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ও পার্সোনাল কনজিউমশন এক্সপেনডিচারস (পিসিই) তথ্য প্রকাশের দিকে নজর রাখছেন। আগামী ১৭-১৮ মার্চের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে বাজারে ধারণা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ফ্লাইট সীমাবদ্ধতা থাকায় দুবাইয়ে সোনা লন্ডনের তুলনায় ডিসকাউন্টে লেনদেন হচ্ছে। স্থানীয় বাজারে সরবরাহ বেশি থাকলেও চাহিদা তুলনামূলক কম রয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৯ দশমিক ৩৯ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৯ দশমিক ১৫ ডলারে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬৭৫ দশমিক ৫০ ডলারে নেমেছে। 

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission