
যশোরের শার্শায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮ পিস সোনার বার এবং একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুই অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক একটি আভিযানিক দল নিয়ে উপজেলার খাজুরা এলাকায় অভিযান পরিচালনা করে এ সোনার চালানটি আটক করেন। পরে এদিন দুপুর ১টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
গ্রেপ্তার মো. আলাউদ্দীন (৫২) উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের প্রয়াত গোলাম রসুলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ১৮ পিস সোনার বার (ওজন ২ কেজি ৯০ গ্রাম বা ১৮০ ভরি) এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনার বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/টিআর


