ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে সোনার দামে আবারও পতন, দেশে ভরি কত? 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
ফাইল ছবি

বিশ্ববাজারে বড় ধরনের পতন দেখা যাচ্ছে সোনার দামে। মাঝেমধ্যে বাড়লেও বেশি সময় উর্ধ্বগতি ধরে রাখতে পারছে না মূল্যবান ধাতুটি। ফলে, সার্বিকভাবে পতনের মুখে সর্বকালের সর্বোচ্চ দাম থেকে সম্প্রতি বেশ নিচে নেমে এসেছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় সোমবারও (৬ জুলাই) পতন লক্ষ্য করা গেছে সোনার দামে।

এদিন গ্রিনিচ মান সময় ১১টা ২৩ মিনিটে স্পট সোনার দাম ০.৪৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৫৬.৩৬ ডলারে নেমে আসে। এর আগে অবশ্য সেশনের শুরুতেই প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০২.১৩ ডলারে উঠেছিল, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ডলারের সূচক ০.২ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারের মূল্যে কেনা সোনা কিছুটা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা দামের ওপর চাপ সৃষ্টি করেছে। স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন এই পরিস্থিতি সম্পর্কে জানান, সোনা বর্তমানে একটি স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং বাজারে ধাতুটির দাম ধরে রাখতে সুদের হার বৃদ্ধির আশঙ্কা আরও হ্রাস পাওয়া প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, সোনা বর্তমানে ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ডলারের মধ্যে একটি শক্তিশালী অবস্থান তৈরির চেষ্টা করছে, তবে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় বাধা হলো ২০০ দিনের মুভিং এভারেজ ৪ হাজার ৪৮৫ ডলারের স্তরটি।

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের ধীরগতির তথ্য প্রকাশের পর সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কিছুটা কমে যায়, যার ফলে গত সপ্তাহে সোনার দাম ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। এর মাধ্যমে টানা চার সপ্তাহের পতনের ধারায় ইতি টানে মূল্যবান এই ধাতু।

আরও পড়ুন

এদিকে সিএমই ফেডওয়াচ জানায়, ব্যবসায়ীরা আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৫৬ শতাংশ দেখছেন, যা কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে ছিল ৬০ শতাংশের ওপরে। সাধারণত উচ্চ সুদের হার সোনা ধরে রাখার খরচ বাড়িয়ে দেয়, কারণ সোনা কোনো সুদের রিটার্ন দেয় না।

আগামী বুধবার ফেডারেল রিজার্ভের গত ১৬-১৭ জুনের বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হতে যাচ্ছে, যা নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের অধীনে প্রথম বৈঠক ছিল। এই কার্যবিবরণী থেকে নীতিনির্ধারকদের সুদের হার সংক্রান্ত ভাবনার আরও স্পষ্ট আভাস পাওয়া যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

তবে জেপি মরগান গত শুক্রবার এক নোটে জানিয়েছে যে প্রধান খাতগুলো থেকে সোনার চাহিদা প্রত্যাশানুযায়ী শক্তিশালী নাও হতে পারে। এর ফলে বছরের তৃতীয় প্রান্তিকে সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে ৪ হাজার ৫০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

এদিকে, সোমবার (৬ জুলাই) দেশের বাজারেও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিতে যাচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসেসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতভাবে স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের ভ্যাটসহ নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৩ হাজার ৮৫৯ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। এর আগে সোমবার (২ নভেম্বর) সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। অর্থাৎ দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো। সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, সোনা ও রুপার অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩১ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়। আরটিভি/এসআর
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
নতুন দুই গ্যাসকূপ খনন করবে সরকার, চলবে ১০ বছর
দেশের গ্যাস উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কূপ থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। ১০ বছরে এসব কূপ থেকে পাওয়া গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
নতুন দুই গ্যাসকূপ খনন করবে সরকার, চলবে ১০ বছর
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
আরও পড়ুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দামে বড় লাফ