
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ দাম নির্ধারণ করে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা করা হয়েছে।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার গহনার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার নতুন দাম কার্যকর হওয়ায় গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।
আরটিভি/এসকে


