সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৩:১৪ পিএম


সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই
ছবি: সংগৃহীত

একটানা অতিবৃষ্টি ও সাম্প্রতিক বন্যায় সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারে সবজির সরবরাহ কমে গেছে। ফলে বেশিরভাগ সবজির কেজি ১০০ টাকার আশেপাশে। কোনো কোনো সবজি ১০০ টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছুঁইছুঁই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ইব্রাহিমপুর বাজার, শেওড়াপাড়া, বিজয় সরণীর কলমিলতা ও কয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।  
 
বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে, করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা এবং কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে রয়েছে পেঁপে, যা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে।

আরও পড়ুন

এছাড়া কাঁচা মরিচের বাজার আরও চড়া। বাজারে এখন ২৪০ থেকে ২৮০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছুঁইছুঁই।

পূর্ব শেওড়াপাড়ার পাকার মাথায় ভ্যানে করে সবজি বিক্রি করেন হাসিব। তার ভ্যানে প্রতি পোয়া কাঁচা মরিচের দাম ৭০ টাকা হাঁকা হচ্ছে। সে হিসাবে প্রতি কেজির দাম পড়বে ২৮০ টাকা।

শেওড়াপাড়ার আরেকটি স্থানে ভ্যানে সবজি বিক্রেতা কাঁচা মরিচের কেজির দাম জানালেন ৬০ টাকা পোয়া। সে হিসেবে প্রতি কেজির দাম পড়ছে ২৪০ টাকা।

এক ক্রেতা জানান, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন, এখন সেটি ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে অনেক এলাকায় খেত থেকে সবজি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। মোহাম্মদপুর টাউন হলের সবজি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সরবরাহ সংকট আরও বেড়েছে।

ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে সবজির দাম কমতে শুরু করবে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন বাজারে দামের চাপ আরও বাড়তে পারে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission