ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় একদিনের ব্যবধানে বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ শতাংশের বেশি। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়া এবং তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এখনো বাজারে চাপ তৈরি করছে। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ১১৪ ডলার ১০ সেন্টে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৪৫ সেন্ট হয়। এর আগের দিন বুধবার ব্রেন্টের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ২৪ সেন্ট এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বেড়ে ১০১ ডলার ৫২ সেন্ট হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তির আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা তেলের দাম কমার অন্যতম কারণ। বুধবার মার্কিন কর্মকর্তা ও আলোচনাসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের কাছে নতুন একটি খসড়া চুক্তি দিয়েছেন কাতারের মধ্যস্থতাকারীরা। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রস্তাবটির বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এতে এমন কিছু ধারণা রয়েছে, যা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।

নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাশিমা বলেছেন, শান্তি আলোচনা আবার শুরু হওয়ার প্রত্যাশায় বাজারে তেল বিক্রির চাপ তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন হামলার আশঙ্কা থাকায় দাম কমার পরিমাণ সীমিত রয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা

শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কা কাটেনি। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে আসছিল। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে বলে দাবি করেছে জোটটি।

ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, বুধবার হুতিরা এডেন বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর আগের দিন হুতিরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল। তবে শোধনাগারটিতে হামলার খবর সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি আরবের মতো বড় তেল উৎপাদক দেশের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বিশ্ববাজারে সরবরাহ কমে যেতে পারে। এ ছাড়া ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে মার্কিন হামলা হতে পারে—এমন আশঙ্কাও বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।

রাশিয়ার উৎপাদন বাড়ার সম্ভাবনা

রাশিয়ার তেল পরিশোধন কার্যক্রম বাড়ার সম্ভাবনাও বিশ্ববাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে। জেপি মরগ্যানের বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে রাশিয়ার শোধনাগারগুলোতে তেল পরিশোধনের পরিমাণ দৈনিক ৩ লাখ ৫০ হাজার ব্যারেল বেড়ে ৪০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, পরিশোধন কার্যক্রম বাড়লে দেশটির অপরিশোধিত তেল উৎপাদনও বাড়তে পারে। এর আগে রাশিয়ার তেল উৎপাদন দৈনিক ৮৪ লাখ ব্যারেলে নেমেছিল, যা ২০০৩ সালের পর সর্বনিম্ন বলে উল্লেখ করা হয়েছে। তবে উৎপাদন বাড়লেও রপ্তানি একই হারে বাড়বে, এমন নিশ্চয়তা নেই।

যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমেছে

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১৯ লাখ ব্যারেল কমেছে। তবে রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা ১৫ হাজার ব্যারেল মজুত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রে পেট্রোলের মজুত ৩৯ লাখ ব্যারেল বেড়েছে। বিশ্লেষকেরা যেখানে ৯ লাখ ব্যারেল মজুত কমার পূর্বাভাস দিয়েছিলেন, সেখানে উল্টো বৃদ্ধি দেখা গেছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
দেশের বাজারে টানা দরপতনের কারণে ১৪ মাস পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ও বিভিন্ন দেশের কর-শুল্কের হিসাব বলছে, বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের তুলনায় কম খরচে সোনা কেনার সুযোগ রয়েছে। বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কর ও আমদানি শুল্ক না থাকায় এসব দেশে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে সোনা পাওয়া যায়। এমন ৭টি দেশে প্রতি ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার মূল দাম সব দেশেই প্রায় একই। তবে আমদানি শুল্ক, ভ্যাট, বিক্রয়কর, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় বাজারের অতিরিক্ত খরচের কারণে একেক দেশে সোনার চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়। দেশভিত্তিক কর ও শুল্কের তুলনামূলক তথ্য অনুযায়ী, ৩০ দেশে বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। এসব দেশে সোনা কিনতে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মূলত বিক্রেতার মুনাফা বা অতিরিক্ত প্রিমিয়াম যোগ হয়। করমুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত স্বর্ণ কেনার জন্য বিশ্বের অন্যতম পরিচিত গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এখানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। হংকং হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা। সিঙ্গাপুর সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। সুইজারল্যান্ড বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই সুইজারল্যান্ডে। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে। যুক্তরাজ্য যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম এখানেও ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা। জার্মানি জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য। তবে কোনো দেশে স্বর্ণের দাম কম হলেই সেখানে গিয়ে কেনা লাভজনক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং নিজ দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাবে আসবে। সেই হিসেবে দাম কম মনে হলেও দেশে আনার ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে।  আরটিভি/টিআর
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে দেশের ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকেরা পুরনো এসি জমা দিয়ে নতুন এসি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন।
পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকেও বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। 
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মধ্য দিয়ে দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। 
ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন
পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, যা বলছে গবেষণা
ব্যবসা শুরু করতে গিয়ে ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে নানা বাধার মুখে পড়ছেন তরুণ উদ্যোক্তারা। সরকারি দপ্তর থেকে সেবা নিতে গিয়ে ঘুষ ও দীর্ঘসূত্রতার অভিজ্ঞতা হয়েছে ৮০ শতাংশ তরুণের। 
পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, যা বলছে গবেষণা
আরও পড়ুন
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ 
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম