
জাপানের রাজধানী টোকিওতে হচ্ছে আন্তর্জাতিক সেমিনার ‘ওলিস ২০২৬ অটাম’। এ সেমিনারে অংশ নিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এ সেমিনারে অংশ নিয়েছেন তিনি।
এশিয়ার ১০টি দেশের ২৫ জন প্রতিনিধি অংশ নেন এ সেমিনারে।
সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে এস এম নুরুজ্জামান জানান, আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। সেমিনার থেকে বৈশ্বিক বিমাশিল্পের কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। অর্জিত অভিজ্ঞতা দেশের বীমাশিল্পের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি।
এস এম নুরুজ্জামান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জানায়, ওলিস কর্তৃপক্ষের সম্পূর্ণ অর্থায়নে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে বিমাশিল্পের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।
প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে, আন্তর্জাতিক এ সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিমাশিল্পের আধুনিকায়নে কাজে লাগবে। এ অভিজ্ঞতা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রমের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় এস এম নুরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
আরটিভি/এসআর



