
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আইসিএসবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতিতে মন্ত্রীর সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়।
এ সময় মন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আইসিএসবি’র কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
রোববার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে আইসিএসবি প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইসিএসবি’র বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
সাক্ষাৎকালে আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলকে মূল্যবান সময় দেওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আইসিএসবি’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: বাসস
আরটিভি/আইএম




