
মার্কিন ডলারের তেজ আর বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে ফের কমেছে সোনার দাম। এর ফলে টানা এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের পতনের মুখে পড়েছে লাভহীন এই মূল্যবান ধাতু।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে। এখন পর্যন্ত চলতি সপ্তাহে সোনার দর কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে থিতু হয়েছে।
বাইবিট-এর প্রধান বাজার বিশ্লেষক হ্যান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোনা ব্যবসায়ীরা আপাতত হয়তো অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না, কারণ তারা জানেন মার্কিন ফেডারেল রিজার্ভ এখনও কঠোর আর্থিক নীতি বজায় রেখেছে।
তিনি আরও বলেন, আগামী মাসগুলোতে সোনার মূল্যের ধারা অনেকটাই ফেডের ওপর নির্ভর করবে। মার্কিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর নজর রাখার পাশাপাশি শ্রমবাজারের সম্ভাব্য দুর্বলতা কতটা সামাল দিতে পারে ফেড, সেটাই এখন দেখার বিষয়।
গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে সোনার দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। এই সংঘাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ মেয়াদে সুদের হার চড়া থাকবে, এমন আশঙ্কাই এই দরপতনের মূল কারণ।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৯২ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ১,১৬৫.৭৫ ডলারে নেমে এসেছে। তিনটি ধাতু-ই সাপ্তাহিক লোকসানের মুখে রয়েছে।
আরটিভি/এমএ



