ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর বৈঠক। ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।

এ সময় বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত পোষণ করে।

এ ছাড়া বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য জাপানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।

জেটরোর (JETRO) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে ইতিমধ্যে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর আমন্ত্রণে তার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতাওকা সুসুমুকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি পণ্য মিলছে এসএমই মেলায়
দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে রাজধানীতে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, প্রসাধনী, গয়না, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং হস্ত ও কারুশিল্পসহ নানা পণ্যের পসরা বসেছে এই মেলায়। এর মধ্যে চোখ আটকে যায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্টলে। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি হস্তশিল্প ও জুয়েলারি পণ্য বিক্রি হচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি পণ্য মিলছে এসএমই মেলায়
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি আবারও চালু হবে।
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) দেশের পোশাক শ্রমিকদের মজুরি এখন ১৭ হাজার টাকা।
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
রমজান ঘিরে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর
শুল্ক কমানোর এই সিদ্ধান্তের ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রমজান ঘিরে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর
আরও পড়ুন
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইটের তারিখ ঘোষণা