
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। এতে নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই হিসাবে শনিবার (২১ নভেম্বর) দেশের বাজারে নির্ধারিত এ দামেই সোনা কেনাবেচা হচ্ছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৪৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১০৯ টাকা।
এ ছাড়া নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। সেই হিসাবে একদিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা।
এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা।
এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা।
সোনার দামে একদিনে এমন বড় পতনে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সোনা ও রুপা কেনার ক্ষেত্রে বাজুসের নির্ধারিত মূল্য ছাড়াও প্রযোজ্য মজুরি ও ভ্যাট যুক্ত হতে পারে।
আরটিভি/এসকে


