
যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে দুই বছর ও পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন- লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. ইমাম হোসেন ইমরান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. রিফাত হোসেন ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. বিশাল আলীকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিনকে দুই বছর করে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তে এই বহিষ্কারের শাস্তির আদেশ সিন্ডিকেটের পরদিন থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।




