
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে বিজয় দিবস উপলক্ষে বাসি ও গন্ধযুক্ত খাবার প্রদান করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে স্পেশাল ফিস্টের নামে এ খাবার প্রদান করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এমন নষ্ট খাবার পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় তুলেন শিক্ষার্থীরা।
মোহাম্মদ আল আমিন নামের এক শিক্ষার্থী আরটিভিকে বলেন, শুক্রবার সকালে খাবার রান্না করা হয়েছে। কী করে সন্ধ্যা অবধি সেই খাবার ভালো থাকবে। দুপুরে হলে ঠিক একই খাবার বিক্রি করা হয়েছে। বেঁচে যাওয়া খাবার দিয়ে যেসব প্যাকেট করা করা হয়েছে, সেসব খাবারই পচে গেছে।
ইকরাম বাদশাহ নামের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমিও পচা-নষ্ট খাবার পেয়েছি, একদম খাওয়ার অযোগ্য ছিল।পরে আমি সেটাকে ফেলে দিয়েছি।
ক্ষোভ প্রকাশ করে আবাসিক শিক্ষার্থী ফাহিমুল করিম মাসুম বলেন, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। সালাদগুলো এমনভাবে গলে গেছে, মনে হয় হাতে স্যুপ ধরেছি।
এ বিষয়ে হলের দায়িত্বে থাকা ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত ভৌমিক আরটিভি নিউজকে বলেন, খাবারের বিষয়টি আমাকে একজন জানিয়েছেন। আমি বিকেলেই প্যাকেট করতে দেখেছি। কিন্তু খাবার কেন নষ্ট হলো, তা বুঝতে পারিনি।




