
রাজধানীর ২৪টি সরকারি স্কুলের ৫২২ জন শিক্ষককে বদলির সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ করে প্রতিবেদন দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্ত দলের সদস্যরা ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
তাঁরা পরিদর্শনকালে দেখেন অনেক শিক্ষক পাঠদানে মনোযোগী না হয়ে প্রাইভেট পড়ানোর কাজেই বেশি ব্যস্ত থাকেন।
তাঁরা অনুসন্ধান প্রতিবেদনে জানান, ২৪টি সরকারি স্কুলের ৫২২ জন শিক্ষক ১০ বছর থেকে ৩৩ বছর পর্যন্ত একই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
এসব শিক্ষককে সরকারি নীতিমালা বা নির্দেশিকা অনুসারে বদলি করা হয়নি বা হচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত ইংরেজি শিক্ষক বা গণিত শিক্ষক কর্মরত রয়েছেন।
আবার কোনো কোনো বিদ্যালয়ে ইংরেজি বা গণিতের শিক্ষকের ঘাটতি রয়েছে, তা সমন্বয় করা হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে কোচিং বাণিজ্য ও সিন্ডিকেট।
এ জন্য প্রাইভেট বা কোচিং বাণিজ্য বন্ধ করার লক্ষ্যে ১০ বছর বা এর বেশি সময় যেসব শিক্ষক একই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাঁদের বিভাগের বাইরে, পাঁচ বছরের বেশি কর্মরত শিক্ষকদের ঢাকা মহানগরের বাইরে বদলি এবং যেসব শিক্ষক তিন বছরের বেশি একই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন, তাঁদের অন্য স্কুলে বদলির সুপারিশ করা হয়েছে।
এসজে




