
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সিভিল এভিয়েশন থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে তিন প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে প্রতিষ্ঠানটি।
.
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুদক পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মীর জয়নুল আবেদিন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- মেসার্স সগীর আহাম্মেদ এন্টারপ্রাইজের ছগির আহাম্মদ, মেসার্স নোমান এন্টারপ্রাইজের মো. দেলোয়ার হোসেন ও মেসার্স ন্যাশনাল ট্রেডার্স মো. আবদুল হামিদ।
জিজ্ঞাসাবাদে অভিযোগ সংশ্লিষ্ট লিখিত তথ্য ও নথিপত্র সংগ্রহ করে দুদক। এর আগে রোববার একই অভিযোগে ৫ প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদ করে দুদক।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চলতি বছরের জুলাই মাসে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ট্রেডার্সসহ নয়টি প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী মো. আবদুল হামিদ সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম. মাকসুদুল ইসলামকে নির্দিষ্ট হারে ঘুষ দিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
এসজে




